বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে নেতৃত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৮ মোট ভিউ

আগামীর উন্নত, সমৃদ্ধ ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে দেশের নতুন প্রজন্মকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, খেলাধুলার পাশাপাশি শিক্ষায় দক্ষতা অর্জন করে তরুণদের আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের সক্ষমতার প্রমাণ রাখতে হবে। এ লক্ষ্যে সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের নানা চ্যালেঞ্জ থাকলেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে যে পেশাই তারা বেছে নিক, সরকার তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন।

বক্তব্যে তিনি পরিবেশ সংরক্ষণ ও জাতীয় সম্পদ রক্ষার বিষয়েও নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সংবাদ যেন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ ও প্রচার করা হয়। তিনি বলেন, এই আয়োজনের অংশগ্রহণকারীরাই দেশের ভবিষ্যৎ, তাই তাদের সাফল্য ও সম্ভাবনাকে সবার সামনে তুলে ধরা প্রয়োজন।

তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে এগোলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। নতুন প্রজন্মের দক্ষতা ও সম্ভাবনাই দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে প্রধানমন্ত্রী বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয়। তিনি মাঠের পাশে বসে বালিকাদের ফুটবল ফাইনাল উপভোগ করেন এবং পরে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পরে প্রধানমন্ত্রী গ্যালারিতে না গিয়ে মাঠে নেমে পুরো স্টেডিয়াম ঘুরে দেখেন। এ সময় গ্যালারিতে থাকা শত শত শিশু ও কিশোর-কিশোরী তার কাছে ছুটে এলে তিনি তাদের সঙ্গে হাত মেলান এবং দর্শকদের উদ্দেশে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর সান্নিধ্য পেয়ে শিশু-কিশোরদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital