আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ৬ নম্বর হাতিয়ান্দহ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সাবেক বিএনপি সভাপতি মো. আব্দুল রশিদ প্রামাণিককে নিয়ে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের (SSPC) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল রশিদ প্রামাণিক সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় তিনি হাতিয়ান্দহ ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং জনগণের প্রত্যাশা পূরণে তাঁর পরিকল্পনা ও ভাবনা তুলে ধরেন।
অনুষ্ঠানে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের উন্নয়ন ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা, জনসম্পৃক্ততা, নাগরিক অধিকার ও ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে মতামত ও অঙ্গীকার তুলে ধরার উদ্যোগের কথা জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক নারী উপস্থিত থেকে প্রার্থীর বক্তব্য ও পরিকল্পনা শোনেন।
অনুষ্ঠানটি সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের ‘সিংড়া নিউজ’ ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এতে হাতিয়ান্দহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে সম্ভাব্য প্রার্থীর বক্তব্য ও পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশার বিষয়টিও গুরুত্ব পায়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুকুল হোসেন। উপস্থাপনা করেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল সরদার এবং সাংবাদিক ফয়সাল আহমেদ জনি ও মামুন আলী।
আয়োজকরা জানান, ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠানের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের জনগণের মুখোমুখি করার পাশাপাশি তাঁদের উন্নয়ন পরিকল্পনা, ভবিষ্যৎ ভাবনা, অঙ্গীকার ও জনসম্পৃক্ততার বিষয়গুলো তুলে ধরা হবে। এর আগে চামারীসহ অন্যান্য ইউনিয়ন নিয়েও এ ধরনের আয়োজন করা হয়েছে।
সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুকুল হোসেন জানান, পর্যায়ক্রমে সিংড়া পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে এ অনুষ্ঠান আয়োজন করা হবে। এর মাধ্যমে বিভিন্ন এলাকার সম্ভাব্য জনপ্রতিনিধি প্রার্থীদের সঙ্গে জনগণের সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হবে এবং তাঁদের পরিকল্পনা ও অঙ্গীকার সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।
আয়োজকরা আরও জানান, কোনো প্রার্থীকে বিশেষভাবে প্রচার না করে সমান সুযোগ ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করা হবে।
‘সত্যের পথে সাংবাদিকতার শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নির্বাচনী পরিবেশে জনগণের মতামত ও সম্ভাব্য প্রার্থীদের বক্তব্য তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব।