যশোরে মাছ বহনকারী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা ও চার বছরের ছেলের নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলচালক আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে যশোরের রাজগঞ্জ তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মৌসুমী (৩২) ও তাঁর চার বছরের ছেলে আব্দুর রহমান। তাঁদের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামে। নিহতের স্বামী ওমর ফারুক।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, যশোর থেকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। তালতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালকসহ তিনজন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব রায় চৌধুরী জানান, মা ও ছেলের মাথায় আঘাত ছিল। হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।