যশোরের মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে নিজের হাতে স্ত্রীকে বিয়ে দেওয়ার ঘটনার মাত্র দুই সপ্তাহ পর ঝুলন্ত অবস্থায় মিথুন হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে উপজেলার কাশিমনগর ইউনিয়নের মান্দারতলা গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত মিথুন হোসেন ওই গ্রামের মশিয়ার রহমানের ছেলে এবং পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন। তাঁর সংসারে ছয় ও চার বছর বয়সী দুটি সন্তান রয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মিথুন হোসেনের স্ত্রীর সঙ্গে তাঁরই এক প্রবাসী বন্ধুর পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে গত দুই সপ্তাহ আগে কোনো বিতর্ক না বাড়িয়ে নিজের স্ত্রীকে সেই প্রবাসী বন্ধুর সঙ্গে বিয়ে দেন মিথুন। এমনকি সেই বিয়ের কাবিননামায় তিনি নিজে উকিল হিসেবে স্বাক্ষর করেন।
পরিবারিক সূত্রে জানাযায়, রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান মিথুন। রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে চিৎকার-চেঁচামেচি শুনে পরিবারের লোকজন বাড়ি থেকে বের হয়ে দেখেন, ঘরের বারান্দার বাঁশের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলছেন মিথুন। দ্রুত আশপাশের লোকজনের সহায়তায় তাঁকে নিচে নামানো হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে সোমবার দুপুরে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।