শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে যশোর ও নড়াইল জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এসআরবি-৬। আজ (১৮ অক্টোবর রবিবার) বেলা ১২টায় যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশন মন্দিরে পরিদর্শনের সময় এই তথ্য জানান এসআরবি-৬ এর কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ নাঈম উল হক।
এসআরবি-৬ এর কোম্পানি অধিনায়ক বলেন, এসআরবি-৬ এর দায়িত্বাধীন এলাকায় মোট ১২৭৮টি পূজা মণ্ডপ রয়েছে। গত ১৩ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত এসব মণ্ডপের নিরাপত্তায় বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিং সেল সক্রিয় রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শহরের প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে এবং ২৪ ঘণ্টা নিরাপত্তা ডিউটি পালন করা হচ্ছে।
সাধারণ মানুষ যেন কোনো ধরনের শঙ্কা ছাড়াই নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ।