বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

চীনের মতো এগোতে হলে নিজেদেরই বদলাতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৬ মোট ভিউ

 

 

কোনো দেশ বা জাতি নিজস্ব প্রচেষ্টা ছাড়া উন্নতির শিখরে পৌঁছাতে পারে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীনের উন্নয়নের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, শিক্ষা, কঠোর পরিশ্রম ও পরিকল্পিত উদ্যোগের মাধ্যমেই দেশটি আজ বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে।

শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ সহযোগিতা করে যাচ্ছে। সড়ক, সেতু, কালভার্ট এবং বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে দেশটির সহায়তা অব্যাহত রয়েছে। ঠাকুরগাঁও অঞ্চলেও শিল্পায়নের সম্ভাবনা তৈরি করতে চীনের সহযোগিতা প্রত্যাশা করছেন বলে জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, “আমাদের উন্নয়নের ক্ষেত্রে চীন সমর্থন দিচ্ছে। আমাদের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও ইউনিভার্সিটি করতে তারা আমাদের সমর্থন দিচ্ছে। সেজন্যই আজকে চীনের রাষ্ট্রদূতকে আমি দাওয়াত করে নিয়ে এসেছি। আমাদের ঠাকুরগাঁওয়ের এলাকার জন্য ওনাকে দিয়ে আমরা কিছু কাজ করতে চাই। আমরা শিল্প, কলকারখানা তৈরি করতে চাই। সেই শিল্প কলকারখানা তৈরি করতে তিনি আমাদের সাহায্য করবেন। চীনা প্রতিনিধি কথা দিয়েছেন, আগামী দুই-এক বছরের মধ্যেই এখানে চীনা প্রতিনিধিদেরকে পাঠাবেন এবং এই অঞ্চলে শিল্প কলকারখানা তৈরি করার উদ্যোগ গ্রহণ করবেন।”

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, নিজে দুইবার চীন সফর করেছেন এবং প্রতিবারই দেশটির পরিবর্তন ও অগ্রগতি প্রত্যক্ষ করেছেন। তার ভাষায়, “চীন প্রতিদিনই বদলায়, প্রতিদিনই তারা উন্নত হয়। উন্নত থেকে উন্নতর হচ্ছে। আজকে সারা পৃথিবীতে চীন একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে।”

 

 

আরো পড়ুন:অটো লগআউটের বিভ্রাটে ফেসবুক-মেসেঞ্জারের কোটি ব্যবহারকারী

 

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সব সময় মনে রাখবেন, কোনো জাতি কখনো এমনি-এমনি উন্নত হতে পারে না। আজকের চীন যে উন্নত হয়েছে, তার নিজের চেষ্টায় উন্নত হয়েছে। তারা ছেলে-মেয়েদের লেখাপড়া শিখিয়ে এবং আরও বেশি কাজ করিয়ে উন্নত হয়েছে।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন। শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম এবং প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, “আপনারা আপনাদের স্কুলের বাচ্চাদেরকে সেভাবে তৈরি করবেন যেন তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে।”

অনুষ্ঠানে জেলার প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত , জেলা প্রশাসক , পুলিশ সুপার , জেলা বিএনপির সভাপতি সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

One thought on "চীনের মতো এগোতে হলে নিজেদেরই বদলাতে হবে: মির্জা ফখরুল"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital