ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ডুয়েট উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় সময়োপযোগী বৈশ্বিক উৎকর্ষ অর্জন, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ উন্নয়ন এবং উদ্ভাবনী ধারণার বাণিজ্যিকীকরণ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এসব ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন নিয়েও মতবিনিময় করেন তারা।
এ সময় অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন ডুয়েটের আধুনিকায়নে ইউজিসির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি উচ্চশিক্ষায় গবেষণা, উদ্ভাবন ও শিল্পের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যকর সংযোগ বাড়ানোর গুরুত্ব নিয়েও আলোচনা করেন। ইউজিসির সাম্প্রতিক কার্যক্রমেও গবেষণা-উদ্ভাবন ও শিল্প-একাডেমিয়া সহযোগিতাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে এসেছে।
সাক্ষাৎকালে ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল ইউজিসি সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ডুয়েটকে একটি গবেষণাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে ইউজিসির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন তিনি।
এ সময় ডুয়েটে একটি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়। সরকারের পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের বৈশ্বিক উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দেন উপাচার্য।
সৌজন্য সাক্ষাতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ডুয়েটের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ইউজিসি সদস্য অধ্যাপক ড.আব্দুল্লাহ-আল-মামুনের সাম্প্রতিক বক্তব্যেও গবেষণা-উদ্ভাবন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং আন্তর্জাতিকীকরণকে উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে।