শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আলোচনার শীর্ষে পরাগ জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতা নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বিএনপি সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্রসহ আটক ২ ঢাবির সাদেকা হালিমসহ তিন শিক্ষক সাময়িক বরখাস্ত মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ, এবার স্বপ্ন ভারত-নেপাল-ভুটান চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার ২৪ দেশের হাজারো চলচ্চিত্রকে পেছনে ফেলে তৃতীয় জবি শিক্ষার্থী প্রমির ‘দ্য লাস্ট প্যাসেজ’

গাঁজা সেবনের অভিযোগ ঘিরে সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৬ মোট ভিউ

 

 

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিদ্রোহী হলে জুনিয়র শিক্ষার্থীদের হামলায় আইন ও বিচার বিভাগের এক সিনিয়র শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আহত শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় অভিযুক্ত জুনিয়র শিক্ষার্থীও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

রবিবার (২১ জুন) রাত ১০টার দিকে বিদ্রোহী হলের ৬১৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী হান্নান আইন ও বিচার বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এবং বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্রোহী হলের ৭১৪ নম্বর কক্ষে আইন ও বিচার বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী হান্নান এবং দর্শন বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী সিফাতুল সিয়াম মুগ্ধ রুমমেট হিসেবে থাকতেন। মুগ্ধ-এর বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ থাকায় বিষয়টি হল প্রশাসনকে জানান তিনি।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্রোহী হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম উক্ত কক্ষ পরিদর্শন করেন। তবে পরিদর্শনের সময় কোনো আলামত পাওয়া যায়নি বলে জানা গেছে। পরে হান্নান কক্ষে ফিরে অ্যাশট্রেতে গাঁজার অংশবিশেষ দেখতে পান বলে দাবি করেন।

এ নিয়ে দুই শিক্ষার্থীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হান্নান মুগ্ধকে চড় মারেন বলে অভিযোগ ওঠে। পরে রাতে বিদ্রোহী হলের ৬১৫ নম্বর কক্ষে খাবার খাওয়ার সময় মুগ্ধসহ কয়েকজন জুনিয়র শিক্ষার্থী তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।

হামলায় গুরুতর আহত হন হান্নান। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হলের হাউজ টিউটর খাইরুল ইসলামও আঘাতপ্রাপ্ত হন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এ ঘটনায় অভিযুক্ত দর্শন বিভাগের শিক্ষার্থী সিফাতুল সিয়াম মুগ্ধও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভিডিওতে মুগ্ধ দাবি করেন, হাতাহাতির একপর্যায়ে সিনিয়র শিক্ষার্থী তাকে বুকে লাথি মারায় তিনি আহত হন। পরে তার সহযোগীরা তাকে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ এবং দর্শন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, রাত ১২টার দিকে অগ্নিবীণা হলে দর্শন বিভাগের শিক্ষার্থীদের খোঁজে যান ‘আইন ও বিচার’ বিভাগের একদল শিক্ষার্থী। সেখানে কাউকে না পেয়ে দর্শন বিভাগের শিক্ষার্থীদের কয়েকটি কক্ষে প্রবেশ করে জিনিসপত্র এলোমেলো করার অভিযোগ ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে হল প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital