ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাটোরের সিংড়ায় গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু। তিনি বক্তব্যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তরুণদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিংড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু। সভাপতিত্ব করেন গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসানুল হক হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য উৎপল কুমার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম আশিফ ও মিনহাজুল আবেদিন কাজল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান শিহাব, সিংড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের সুজন, সাবেক কলেজ ছাত্রদলের আহ্বায়ক তুহিন ইসলাম জনি, সাবেক সদস্য সচিব জুয়েল পারভেজ, কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মিফতাহুল ইসলাম শাইক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হোসেন রুবেল, সহ-সভাপতি রাকিব হাসানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তরুণদের ভূমিকার ওপর আলোকপাত করেন। আলোচনা শেষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।