জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও তাদের সাফল্যের গল্প বর্তমান শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব।
আগামী ১৪ আগস্ট (শুক্রবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
‘শিক্ষা, ঈমান, শৃঙ্খলা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার পাশাপাশি তাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প বর্তমান শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হবে।
আয়োজকরা জানান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার মূল উদ্দেশ্য শুধু তাদের অর্জনকে স্বীকৃতি দেওয়া নয়, বরং তাদের সাফল্য থেকে বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা। কৃতি শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও ক্যারিয়ার গঠনের গল্প বর্তমান শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনায় দিকনির্দেশনা দেবে বলে আশা করছেন আয়োজকরা।
একই সঙ্গে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরির বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা একটি নেটওয়ার্কের আওতায় নিজেদের ক্যারিয়ার উন্নয়নের সুযোগ পাবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. কামরুজ্জামান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান সামসুজ্জামান সুরুজ, মুন্সীগঞ্জের ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার মো. রমজান খান, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, জবি ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বাংলাদেশ জলবায়ু কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনকুল ইসলাম টিপু এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক কামরুজ্জামান দুলাল।
আরও পড়ুন
এ ছাড়া অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে থাকবেন জবি মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব। সঞ্চালনা করবেন জুলাই আন্দোলন, জবির সংগঠক এস. এইচ মুন্না।
আয়োজকদের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ের কৃতি শিক্ষার্থীদের উপস্থিতি ও তাদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর ক্যারিয়ার নেটওয়ার্ক তৈরির প্রত্যাশা করছেন আয়োজকরা।
জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব বলেন, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার পাশাপাশি তাদের অভিজ্ঞতা বর্তমান শিক্ষার্থীদের সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। তাদের সাফল্যের গল্প থেকে শিক্ষার্থীরা নিজেদের ক্যারিয়ার গঠনে অনুপ্রেরণা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন।