বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

নাঈমকে হেনস্তার অভিযোগে সরব ক্রিকেটাঙ্গন, ক্ষুব্ধ লিটন-মিরাজ-মুশফিকরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৯ মোট ভিউ

 

 

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগ ঘিরে দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার খবর প্রকাশের পর একে একে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক একাধিক ক্রিকেটার। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, গত ১২ জুন রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে চট্টগ্রামে ফেরার পথে লালখান বাজার এলাকায় নাঈম হাসানকে থামানো হয়। এ সময় তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় বলে অভিযোগ রয়েছে। কথা বলার চেষ্টা করলে তার গলা চেপে ধরা হয় এবং পরে পাইপ দিয়ে মারধর করা হয়। পরবর্তীতে তাকে খুলশী থানায় নেওয়ার পরও দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার প্রতিবাদ জানিয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, এটি অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক এবং উদ্বেগজনক। একজন জাতীয় খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ দেশের ক্রীড়াঙ্গনের মর্যাদার ওপর আঘাত। তিনি সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লিটন দাস তার প্রতিক্রিয়ায় বলেন, নাঈমের সঙ্গে যা ঘটেছে তা গভীরভাবে উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য। একজন সতীর্থ হিসেবে তিনি মর্মাহত এবং দ্রুত ন্যায়বিচারের আশা প্রকাশ করেন।

পারভেজ হোসেন ইমন বলেন, একজন জাতীয় দলের খেলোয়াড় দেশের গৌরব ও সম্পদ। তার সঙ্গে এমন আচরণ শুধু ব্যক্তিগত নয়, বরং দেশের ক্রীড়াঙ্গনের মর্যাদার ওপর আঘাত। দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

মোসাদ্দেক হোসেন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি করেন। মুশফিকুর রহিম বলেন, ঘটনাটি তাকে ব্যথিত ও লজ্জিত করেছে এবং তিনি সুষ্ঠু বিচার চান।

নাসুম আহমেদ বলেন, একজন ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও এমন আচরণের শিকার হওয়া উদ্বেগজনক। তিনি আশা প্রকাশ করেন, ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) এক বিবৃতিতে জানায়, নাঈম হাসানের ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন নাঈমের সঙ্গে কথা বলে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। জাতীয় দলের ক্রিকেটারদের ধারাবাহিক প্রতিবাদে বিষয়টি এখন দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital