পারিবারিক কলহের জেরে ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অন্যদিকে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম ওই গ্রামের গাজী রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন জামাই আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর ও জামাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরে মঙ্গলবার ভোররাতে শ্বশুর তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভোররাতে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন। মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে।