মাগুরায় শ্রীপুরে অতিরিক্ত মদ্যপানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। গত বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়েন তারা। মৃত ব্যক্তিরা হলেন– উপজেলা মকরদ্দমখোলা গ্রামের আলমগীর লস্কর (৩৮) ও গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিধান বিশ্বাস (২২)।
বিধান বিশ্বাসের চাচি সুপ্রিয়া বিশ্বাসের দেওয়া তথ্যমতে, শ্রীপুরের জারিয়া গ্রামের সার্বজনীন দুর্গামন্দিরে বিজয়া দশমীর রাতে ওই দুজন অতিরিক্ত মদ্যপান করেন। এতে তারা দুজনেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের বন্ধুরা আলমগীর ও বিধানকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেন। পরে অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বৃহস্পতিবার গভীর রাতে তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। শুক্রবার ভোররাতে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেনের ভাষ্য, হাসপাতালে অনার আগেই দুজনের মৃত্যু হয়। কি কারণে তাদের মৃত্যু হয়েছে, এখনও ঠিক বলা যাচ্ছে না। ময়নাতদন্তে প্রকৃত কারণ জানা যাবে।
শ্রীপুর থানার ওসি ওলি মিয়া বলেন, প্রাথমিকভাবে দুজনের মৃত্যুর জন্য অতিরিক্ত মদ্যপানের তথ্য পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।