ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট ইসলাম প্রচারক, সমাজসংস্কারক ও চিন্তাবিদ মুন্সী মেহেরুল্লাহর জীবন ও কর্ম নিয়ে গবেষণার স্বীকৃতিস্বরূপ গবেষক আলো আরজুমান বানুকে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে অবস্থিত মুন্সী মেহেরুল্লাহ জীবনী গবেষণা ফাউন্ডেশন প্রাঙ্গণে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর)-এর সহকারী অধ্যাপক এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে সংশ্লিষ্ট গবেষক আলো আরজুমান বানু। মুন্সী মেহেরুল্লাহর জীবন, চিন্তা, কর্ম ও সমাজসংস্কারে তাঁর অবদান নিয়ে গবেষণায় ভূমিকা রাখায় ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সী মেহেরুল্লাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল মেহের মহব্বত, যশোর সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নাসিরুল ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যশোর আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম বুলবুল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা বাইতুল মাল বিষয়ক সম্পাদক অধ্যাপক মুনির আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী নজরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ, সাংবাদিক ও কলামিস্ট মশিউল আজম।
বক্তারা বলেন, মুন্সী মেহেরুল্লাহ শুধু একজন ধর্মপ্রচারকই ছিলেন না; তিনি ছিলেন সমাজের কুসংস্কার, অন্যায় ও অসংগতির বিরুদ্ধে সোচ্চার একজন চিন্তাশীল মানুষ। তাঁর জীবন ও কর্ম নিয়ে গবেষণা এবং তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
বক্তারা আরও বলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের জীবন ও কর্ম যথাযথভাবে সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে মুন্সী মেহেরুল্লাহ জীবনী গবেষণা ফাউন্ডেশনের কার্যক্রম প্রশংসনীয়।
অনুষ্ঠানের একপর্যায়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধান অতিথি আলো আরজুমান বানুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথি ও ফাউন্ডেশনের সদস্যরা তাঁকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, গবেষক, ফাউন্ডেশনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।