মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিতর্ক এড়াতে ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে বাদ যাচ্ছে দাঁড়িপাল্লার ছবি কুর্দি বিদ্রোহীদের ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা গ্যাস সংকটে ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব ড. কামরুজ্জামান অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সিআইডি তদন্তের আদেশ নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার দেখিয়ে ফেরার পথে যশোরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা ও শিশুর ছুটির পর বেনাপোলে বাণিজ্য শুরু, সার্ভার জটিলতায় বিলম্ব মেহেরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে মেহেরপুরে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সিআইডি তদন্তের আদেশ

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩ মোট ভিউ

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলার অধিকতর তদন্তের দায়িত্ব সিআইডি পুলিশকে দিয়েছেন আদালত। রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম বাদীপক্ষের নারাজির আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি বলেন, ‘পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে বাদীর নারাজির আবেদনের ওপর শুনানি নিয়ে ও সকল সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করে আদালত সিআইডি পুলিশকে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলাটি করেন ফ্যাশন আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গুলশানের ১২৭ নম্বর সড়কে সানায়া চৌধুরীর একটি ফ্যাশন হাউজ ও স্টুডিও রয়েছে। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তানজিন তিশা তার কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নেন। অনুষ্ঠান শেষে পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন সানায়া।

মামলায় বলা হয়, শাড়িটি ফেরত চেয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর তানজিন তিশাকে ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠান সানায়া। এরপর শাড়ি ফেরত চাওয়াকে কেন্দ্র করে তানজিন তিশা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

পরে ২০২৫ সালের ১৩ ও ১৮ মার্চ দুটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তানজিন তিশার সঙ্গে দেখা হলে শাড়িটি ফেরত চান সানায়া। তবে তখনও শাড়িটি ফেরত দেওয়া হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, ২০২৫ সালের ১০ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে ফোন করে তানজিন তিশা মামলা করার এবং সামাজিকভাবে হেয় করার হুমকি দেন। এ ঘটনায় ১২ নভেম্বর গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সানায়া।

তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে গত ২৫ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন পিবিআইয়ের এসআই মো. জাহাঙ্গীর আলম। প্রতিবেদনে তানজিন তিশাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।

পিবিআইয়ের ওই প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষ নারাজির আবেদন করলে শুনানি শেষে আদালত মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব সিআইডিকে দেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital