শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র ও লাইসেন্স হালনাগাদের সুযোগ বাড়াল বিআরটিএ জামায়াত প্রার্থীকে হারিয়ে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির বড় জয় জবির প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরাপত্তা কড়াকড়ি, কনসার্টে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঝিনাইদহে সারের কার্ড ঘিরে সংঘর্ষে আহত ১২ জুলাই সনদ বাস্তবায়ন ও সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সাথে কথা বললেন জামায়াত আমির তুরাগ নদী থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার, কারণ অনুসন্ধানে পুলিশ ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে চরম ঝুঁকিতে ফেলেছে, ট্রাম্পের নীতি নিয়ে তোপ দাগলেন বারাক ওবামা ডাবলিন বিমানবন্দরে পরিবারসহ হেনস্তা সাঙ্গাকারা সিটি করপোরেশনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা, মিলবে কিউআর কোডযুক্ত প্লেট ও ব্লু-বুক বাণিজ্য-বিনিয়োগ ও পর্যটন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে চরম ঝুঁকিতে ফেলেছে, ট্রাম্পের নীতি নিয়ে তোপ দাগলেন বারাক ওবামা

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩ মোট ভিউ

ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র আগের চেয়ে অনেক বেশি ‘অসুরক্ষিত ও ঝুঁকিপূর্ণ’ অবস্থায় পড়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সতর্ক করে বলেছেন, সংঘাতের ফলে জ্বালানি পরিবহনের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ এখন কার্যত বন্ধ এবং এর ওপর একক নিয়ন্ত্রণ (ভিটো পাওয়ার) বজায় রেখেছে ইরান।

মার্কিন মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে জর্জিয়ার আটলান্টার শহরতলিতে আয়োজিত এক নির্বাচনী প্রচারসভায় বক্তব্যে সাবেক প্রেসিডেন্ট ওবামা ট্রাম্পের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরান সম্পর্কিত সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গৃহীত সামরিক পদক্ষেপের কঠোর বিরোধিতা করে তিনি বলেন, আমাকে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়তে হয়নি, আমি কূটনৈতিক পথ বেছে নিয়েছিলাম।

চলমান এই ৪০ দিনের প্রত্যক্ষ আগ্রাসন ও আট মাসের দীর্ঘ থমথমে পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আর্থিক ও সামরিক অপচয়ের চিত্র তুলে ধরে ওবামা বলেন, পেন্টাগনের হিসাবমতে এই যুদ্ধে ইতোমধ্যেই মার্কিন করদাতাদের ৪৭ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও অবকাঠামোয় পাল্টা হামলা চালিয়েছে।

ওবামা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের মিত্র ও ঘাঁটিগুলোতে আক্রমণ করা হয়েছে। আমেরিকান সেনারা নিহত হয়েছেন, শত শত মার্কিন সেনা আহত হয়েছেন। আমাদের ক্ষেপণাস্ত্রের মজুদ কমে এসেছে, যা যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে আরও দুর্বল ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। অন্যদিকে, বিশ্ব বাণিজ্যের চাবিকাঠি হরমুজ প্রণালীর ওপর এখন ইরানের পূর্ণ ভিটো পাওয়ার তৈরি হয়েছে। বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবেও হরমুজে জ্বালানি পরিবহন বন্ধ থাকা ও বাধাগ্রস্ত হওয়াকে দায়ী করেন তিনি।

বিশ্বের মোট খনিজ তেলের চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলসীমায় জলদস্যুতা ও সামরিক অবরোধ স্থায়ীভাবে বন্ধ করে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত এই আন্তর্জাতিক নৌপথ পুরোপুরি উন্মুক্ত করা হবে না।

২০১৫ সালে বারাক ওবামার আমলেই দীর্ঘ ২০ মাসের কূটনৈতিক আলোচনা শেষে ইরানের সঙ্গে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) সই হয়েছিল। চুক্তিতে যুক্ত ছিল চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং যুক্তরাজ্যও। চুক্তির শর্তানুযায়ী ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখতে সম্মত হয় এবং বিনিময়ে পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।

তবে ২০১৮ সালের ৮ মে ট্রাম্প একতরফাভাবে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন, যার চরম পরিণতি হিসেবে আজ মধ্যপ্রাচ্যজুড়ে এ সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তথ্যসূত্র: প্রেস টিভি-সিএনএন

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital